প্রতারণামূলকভাবে উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে সোমবার এ ব্যবস্থা নেওয়া হয়। লাইসেন্স বাতিলকৃত রিক্রুটিং এজেন্সিগুলো হলো:
- আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮)
- জাবাল-ই-নূর (আরএল-২৫০৫)
- টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)
মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র বা এজেন্সিকে ছাড় দেওয়া হবে না। বৈদেশিক কর্মসংস্থান খাতকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, ভুক্তভোগী ৩০ জন যুবককে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘এখন হেসেখেলে চলার সময় নয়’ : প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশগমনেচ্ছু নাগরিকদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে যে, কোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে লেনদেনের আগে তাদের বৈধতা ও কাজের শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেবেন।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































